পেলের ফেবারিট চিলি, নেই আর্জেন্টিনা!

অনলাইন ডেস্ক  - আপডেট:
পেলের ফেবারিট তালিকায় চিলি থাকলেও নেই আর্জেন্টিনা! ছবি: এএফপিসেই ১৯৫০-এর পর নানা দেশ, নানা মহাদেশ ঘুরে বিশ্বকাপ ফুটবল ফিরছে এবার ব্রাজিলে। নান্দনিক ফুটবল সঙ্গে সাম্বা নৃত্য—এক মাস মানুষ মোহিত হয়ে থাকবে বিশ্বকাপে। সব কথার এক কথা, কে জিতবে ব্রাজিল বিশ্বকাপ? পেলের বাজিতে রয়েছে তিন দেশ—ব্রাজিল, স্পেন ও জার্মানি। চিলির মতো দেশ পেলের ফেবারিট তালিকায় থাকলেও নেই লিওনেল মেসির আর্জেন্টিনা!
এএফপিকে দেওয়া সাক্ষাত্কারে ব্রাজিল কিংবদন্তি বলেন, ‘বিশ্বকাপের তিন মাস আগে দুই কিংবা তিনটি দেশকে খুব ভালো বলতে পারি। ফেবারিটের তালিকায় জার্মানিকে ভাবছি। কারণ তাদের বহুবার খেলতে দেখেছি। এ তালিকায় স্পেনও রয়েছে। কারণ আট বছর ধরে একই দল নিয়ে খেলছে এবং অবশ্যই আরেকটি দল ব্রাজিল। ইতালিকেও গুরুত্ব দিতে হবে। আর দক্ষিণ আমেরিকায় চিলি এখন সবচেয়ে ভালো দল। বিশ্বকাপ ফুটবল সব সময়ই চমকের অন্তহীন উত্স।’
যেহেতু ব্রাজিলে বিশ্বকাপ, ফলে স্বাগতিক দেশ থাকবে প্রচণ্ড চাপে। দলের সবচেয়ে বড় তারকা নেইমার কি পারবেন পর্বতপ্রমাণ সে চাপ সামলাতে? বার্সা ফরোয়ার্ড প্রসঙ্গে পেলের মন্তব্য, ‘এটা নেইমারের প্রথম বিশ্বকাপ। কেউই জানে না কী ঘটতে যাচ্ছে। এটা তার জন্য বিরাট দায়িত্ব। চাপ কেবল নেইমারের জন্য সমস্যা নয়। এটা পুরো দলের সমস্যা, সন্দেহ নেই। অবশ্যই দেশ, মানুষ সবাই চাইবে তারা জিতুক।’ এএফপি।
নবীনতর পূর্বতন