বেকহামের রাজত্ব রোনালদোর দখলে

অনলাইন ডেস্ক  - আপডেট:

ক্রিস্টিয়ানো রোনালদোবিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের মুকুটটা ডেভিড বেকহামের মাথায় ছিল অনেক দিন ধরেই। খেলা ছাড়লেও রাজত্ব ধরে রেখেছিলেন এই সাবেক ইংলিশ অধিনায়ক। ‘ডিবি সেভেনে’র সেই রাজত্ব অবশেষে দখল করলেন ‘সিআর সেভেন’। ব্রিটিশ দৈনিক ডেইলি স্টার-এর খবর অনুযায়ী, সম্প্রতি আয়ের দিক দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ছাপিয়ে গেছেন বেকহামকে। সবচেয়ে বেশি আয় করা ফুটবলারের তালিকায় দুইয়ে আছেন লিওনেল মেসি।

গত অর্থ বছরেও বেকহাম ছিলেন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার। কিন্তু এই অর্থ বছরে রোনালদোর আয়ে যুক্ত হয়েছে নাইকির সঙ্গে তাঁর নতুন লোভনীয় এক চুক্তি। তা ছাড়া গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদের সঙ্গেও নতুন চুক্তিতে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারের রেকর্ড গড়েছেন রোনালদো। সেই চুক্তিতে রোনালদোর আয়ে যুক্ত হয়েছে ৭ কোটি ৬০ লাখ পাউন্ড। এতে করে তাঁর মোট আয়ের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১২ কোটি ২০ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় রোনালদোর বার্ষিক আয় গিয়ে দাঁড়াচ্ছে ১ হাজার ৫৮৪ কোটি টাকারও বেশি!

চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে এই জায়গাতেও ছাড়িয়ে গেছেন রোনালদো। মেসি অবশ্য খুব বেশি পেছনে নেই। তাঁর বার্ষিক আয় ১২ কোটি ৫ লাখ পাউন্ড। বাকি ফুটবলারদের তুলনায় রোনালদো-মেসিরা আয়ের দিক দিয়ে অনেক এগিয়ে আছেন। সবচেয়ে বেশি আয় করা ফুটবলারের তালিকায় তিনে থাকা স্যামুয়েল ইতো যেমন আয় করেন ৭ কোটি পাউন্ড। রোনালদো-মেসির তুলনায় যেটি ৫ কোটি পাউন্ড কম।

সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের নিয়ে করা ‘গোল রিচ লিস্টে’র এই তালিকায় একমাত্র ব্রিটিশ খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছেন ওয়েইন রুনি। সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নতুন লোভনীয় এক চুক্তি করেছেন এই ফরোয়ার্ড। এতে রুনির সাপ্তাহিক বেতন ৩ লাখ পাউন্ডে গিয়ে দাঁড়িয়েছে। নাইকি, স্যামসাংসহ বিভিন্ন পণ্যের দুতিয়ালী করে রুনি বছরে ১৮ লাখ পাউন্ড আয় করেন। তা ছাড়া রুনির স্ত্রী কলিন রুনির লিটলউডস ফ্যাশন ও আরগোস জুয়েলারি তাঁদের আয়ের একটা বড় উত্সও। সব মিলিয়ে রুনির বার্ষিক আয় ৬ কোটি ৯০ লাখ পাউন্ড।
নবীনতর পূর্বতন